অতিপ্রাকৃত অ্যাডভেঞ্চার ও রোড ন্যারেটিভ: ‘Supernatural’-এর সাংস্কৃতিক বিশ্লেষণ
লেখক: প্রিয়াংকা মিত্র
শিল্পী: টিম কল্পবিশ্ব
Supernatural সমকালীন জনপ্রিয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অতিপ্রাকৃত টেলিভিশন সিরিজ়, যার কেন্দ্রে রয়েছে দুই ভাই—Sam Winchester এবং Dean Winchester—এর দীর্ঘ ও বহুমাত্রিক অ্যাডভেঞ্চার। সিরিজ়টি ২০০৫ সালে শুরু হয়ে পনেরোটি সিজ়্ন জুড়ে বিস্তৃত হয়েছে এবং অতিপ্রাকৃত ভৌতিক আখ্যান, রোড-অ্যাডভেঞ্চার কাঠামো, পারিবারিক সম্পর্ক এবং নৈতিক সংকটের সমন্বয়ে একটি জটিল বর্ণনাভঙ্গি নির্মাণ করেছে। যদিও সিরিজ়টির প্রধান উপাদান অতিপ্রাকৃত সত্তা ও দানব শিকার, তবুও এর গভীরে রয়েছে দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্ক, তাদের দায়িত্ববোধ এবং মানবিক আত্মত্যাগের কাহিনি। এই অর্থে Supernatural-কে দুই ভাইয়ের যৌথ অ্যাডভেঞ্চারের আখ্যান হিসেবে বিশ্লেষণ করা যায়।
পারিবারিক ট্র্যাজেডি ও অ্যাডভেঞ্চারের সূচনা
স্যাম এবং ডিনের অ্যাডভেঞ্চারের সূচনা ঘটে একটি গভীর পারিবারিক ট্র্যাজেডির মাধ্যমে। তাদের মা Mary Winchester এক রহস্যময় অতিপ্রাকৃত শক্তির হাতে নিহত হন। এই ঘটনাটি তাদের জীবনে এক ভয়াবহ আঘাত হানে এবং তাদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। তাদের বাবা John Winchester বিশ্বাস করেন যে এই মৃত্যুর পেছনে একটি শক্তিশালী অতিপ্রাকৃত সত্তা দায়ী। সেই সত্তাকে খুঁজে বের করা এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তিনি দুই ছেলেকে নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পথে বেরিয়ে পড়েন।
ফলে স্যাম ও ডিনের শৈশব কোনো স্থিতিশীল সামাজিক পরিবেশে কাটেনি। তারা এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতে বেড়াতে বড়ো হয়েছে। এই যাযাবর জীবনের মধ্যেই জন উইনচেস্টার তাদেরকে বিভিন্ন অতিপ্রাকৃত সত্তার সম্পর্কে শিক্ষা দেন—যেমন ভূত, দানব, ভ্যাম্পায়ার, ওয়্যারউল্ফ ইত্যাদি—এবং শেখান, কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ধীরে ধীরে ‘হান্টার’ বা অতিপ্রাকৃত শিকারিতে পরিণত হয়। তারা মজা করে এই কাজকে ‘Family Business’ বলে অভিহিত করে।
এই পারিবারিক ট্র্যাজেডি কেবল তাদের জীবনের প্রারম্ভিক ঘটনা নয়; বরং এটি পুরো সিরিজ়ের বর্ণনামূলক ভিত্তি। তাদের অ্যাডভেঞ্চার মূলত এই ক্ষতির প্রতিক্রিয়া হিসেবেই শুরু হয় এবং পরবর্তীতে তা বৃহত্তর নৈতিক দায়িত্বে পরিণত হয়।
রোড-অ্যাডভেঞ্চার কাঠামো ও ভ্রমণের প্রতীকীতা
Supernatural-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর রোড-অ্যাডভেঞ্চার কাঠামো। স্যাম ও ডিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও ছোটো ছোটো অঞ্চলে ভ্রমণ করে এবং বিভিন্ন রহস্যময় ঘটনার অনুসন্ধান করে। এই ভ্রমণ কেবল গল্পের কাঠামোগত উপাদান নয়; এটি একটি প্রতীকী অর্থও বহন করে।
তাদের যাত্রার প্রধান প্রতীক হল তাদের বিখ্যাত গাড়ি Chevrolet Impala। এই গাড়িটি সিরিজ়ে একটি চরিত্র হয়ে ওঠে, এমনকি একটি এপিসোড গাড়িটির দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছিল, যেটি খুব জনপ্রিয় হয়। এটি দুই ভাইয়ের স্বাধীনতা, পারিবারিক ঐতিহ্য এবং যৌথজীবনের প্রতীক। এই গাড়িটিই মূলত তাদের যাতায়াতের মাধ্যম এবং অধিকাংশ নাটকীয় ঘটনার প্রেক্ষাপট। একই সঙ্গে এটি তাদের শৈশবের স্মৃতির সঙ্গেও যুক্ত, কারণ তাদের বাবা এই গাড়িটিকে পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে রেখে গিয়েছিলেন।
প্রতিটি পর্বে সাধারণত একটি নির্দিষ্ট রহস্য বা অতিপ্রাকৃত ঘটনা দেখা যায়—যেমন অদ্ভুত মৃত্যু, অজানা প্রাণীর আক্রমণ, অথবা কোনো পুরোনো কিংবদন্তির পুনরাবির্ভাব। স্যাম ও ডিন এই ঘটনাগুলোর সূত্র অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় লোককথা, ধর্মীয় ইতিহাস, পুরোনো দলিলপত্র এবং আধুনিক তথ্যসূত্র ব্যবহার করে। এই অনুসন্ধান প্রক্রিয়া সিরিজ়টিকে এক ধরনের অতিপ্রাকৃত গোয়েন্দা আখ্যানের বৈশিষ্ট্য প্রদান করে। এই রোড-অ্যাডভেঞ্চার কাঠামো সিরিজ়টির গতিশীলতা বৃদ্ধি করে এবং প্রতিটি নতুন জায়গাকে একটি নতুন অভিযাত্রার ক্ষেত্র হিসেবে উপস্থাপন করে।
ভ্রাতৃত্বের গতিশীলতা ও চরিত্রের বৈপরীত্য
স্যাম ও ডিনের সম্পর্ক সিরিজ়টির কেন্দ্রীয় উপাদান। তাদের ব্যক্তিত্বের পার্থক্য তাদের অভিযাত্রাকে আরও গভীর ও আকর্ষণীয় করে তোলে। স্যাম তুলনামূলকভাবে যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী এবং শিক্ষামুখী চরিত্র। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চেয়েছিল এবং স্বাভাবিক জীবনযাপন করার স্বপ্ন দেখত। ফলে রহস্য অনুসন্ধানের সময় সে সাধারণত গবেষণা, তথ্য সংগ্রহ এবং যুক্তি প্রয়োগের উপর গুরুত্ব দেয়।
অন্যদিকে ডিন অনেক বেশি বাস্তববাদী, আবেগপ্রবণ এবং সাহসী। সে বিপদের মুখোমুখি হতে ভয় পায় না এবং প্রায়ই সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ডিনের চরিত্রে একটি শক্তিশালী রক্ষাকারী প্রবণতা রয়েছে—সে সব সময় তার ছোটোভাইকে রক্ষা করার চেষ্টা করে।
এই দুই ভিন্ন স্বভাব একত্রে কাজ করার ফলে তাদের মধ্যে একটি কার্যকর ভারসাম্য তৈরি হয়। স্যামের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং ডিনের কার্যকরী সাহসিকতা মিলিয়ে তারা জটিল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। এই সহযোগিতা তাদের অ্যাডভেঞ্চারের সফলতার অন্যতম কারণ।
স্যাম এবং ডিন আমেরিকান সমাজে প্রচলিত আনুগত্য ও সামাজিক নিয়ম মেনে চলার মানদণ্ড অমান্য করে। স্পষ্টতই উইনচেস্টার ভাইয়েরা সমাজের প্রচলিত কাঠামোর কার্যকর সদস্য নয়, তবুও তারা সাধারণত নিজেদের কাজের নৈতিকতা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলে না। তবে মাঝে মাঝে স্যামের মনে তাদের জীবনযাপনের সততা নিয়ে সন্দেহ দেখা দেয়। তখন ডিন দ্রুত সেই সন্দেহ দূর করার চেষ্টা করে। নীচের সংলাপটি তার একটি উদাহরণ:
Dean: Hunting’s our day job. And the pay is crap.
Sam: Yeah, but hustling pool, credit card scams… it’s not the most honest thing in the world, Dean.
Dean: Well, let’s see. Honest… fun and easy. It’s no contest. Besides, we’re good at it; it’s what we were raised to do.
Sam: Yeah, well, how we were raised was jacked.
(Supernatural #1.8)
এই সংলাপটি আরেকটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্বও তুলে ধরে—একদিকে প্রতিবাদী বা প্রতিসাংস্কৃতিক বিদ্রোহকে (counter-cultural rebellion) মহিমান্বিত করা, অন্যদিকে পরিবার ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা দেখানোর গুরুত্বকে তুলে ধরা, যা রক্ষণশীল মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ।
স্যাম এবং ডিনের জন্য দানব শিকার করা এক অর্থে পারিবারিক ঐতিহ্য। স্যাম প্রায়ই মন্তব্য করে যে, তারা যেভাবে শিকার করে তা পুরোপুরি সঠিক নয় এবং তার দৃষ্টিভঙ্গিতে তুলনামূলকভাবে বেশি উদার মনোভাব প্রকাশ পায়। তবুও শেষ পর্যন্ত স্যাম সাধারণত তাদের বাবা বা বড়োভাই ডিনের কর্তৃত্ব মেনে নেয়। ফলে তার সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দ্রুতই মিলিয়ে যায়—সে ধরে নেয় যে, তার বয়োজ্যেষ্ঠরাই বেশি ভালো জানেন, যা রক্ষণশীল বিশ্বাসের একটি দিককে প্রতিফলিত করে।
Carry On my Wayward Son
সংগীতের গুরুত্ব Supernatural সিরিজ়ের প্রথম পর্বেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সংগীত—বিশেষত রক ও হেভি মেটাল—কাহিনির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো রঙের ১৯৬৭ সালের Chevrolet Impala গাড়ি এবং দুই ভাই Sam Winchester ও Dean Winchester-এর পর তৃতীয় প্রধান চরিত্রের মতো কাজ করে সংগীত।
আসলে সংগীত ও গাড়ি—দুটিই এমন কিছু উপাদান, যা মূলধারার ‘cool’ বা আধুনিকতার ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না। তাই এগুলো স্যাম ও ডিনের outcast পরিচয়কে প্রতিফলিত করে—তারা এমন নায়ক, যারা সমাজের প্রান্ত থেকে পৃথিবীকে রক্ষা করে, কারণ সমাজের মূলধারা তাদের কাজকে অবিশ্বাস করে। সংগীত ও গাড়ি আসলে উইনচেস্টার ভাইদের বেড়ে ওঠার প্রতিফলন। তারা কখনও আদর্শ আমেরিকান ‘white picket fence’ পারিবারিক জীবনের স্বাদ পায়নি; বরং রাস্তার ধারে মোটেল, ফাস্ট ফুড রেস্তোরাঁ, বার ও কাফেতে ঘুরে বেড়িয়েই তাদের শৈশব কেটেছে। তাদের জীবনযাপন ও রুচি সেই অস্বাভাবিক শৈশবেরই প্রতিফলন, এবং এটি তাদেরকে অপ্রচলিত নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে। তাদের হাতে থাকে সীমিত অস্ত্র, কিছু মন্ত্র ও কৌশল, এবং বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো ডায়েরি-সদৃশ বই—যার মধ্যে অতিপ্রাকৃত বিষয় নিয়ে আজীবনের গবেষণা লিপিবদ্ধ রয়েছে।
তবে একটি বিষয় বেশ আকর্ষণীয়—ডিন, যে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে খুব একটা জানে না এবং রক সংগীত ও ক্লাসিক গাড়ির ভক্ত (যার কারণে তাকে যেন ’৮০-র দশকের জীবনধারার বিজ্ঞাপন মনে হয়), সে-ই আসলে পপ সংস্কৃতির সঙ্গে বেশি পরিচিত।
Sam: I swear, man, you’ve got to update your cassette tape collection.
Dean: Why?
Sam: Well, for one, they’re cassette tapes. And two: Black Sabbath? Motorhead? Metallica? It’s the greatest hits of mullet rock
(Supernatural #1.1)
অন্যদিকে স্যাম, যে শিকারি জীবন ছেড়ে কিছুদিন কলেজে পড়েছিল, তার তুলনায় ডিনই বেশি পপ সংস্কৃতির উল্লেখ করে। সিরিজ়ের পর্বগুলো দেখলে বোঝা যায়, অধিকাংশ পপ সংস্কৃতি সম্পর্কিত রসিকতা ও ইঙ্গিত বড়োভাই ডিনের কাছ থেকেই আসে।
স্যামকে প্রায়ই বুদ্ধিমান ও বিশ্লেষণধর্মী চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়; বইপত্রভিত্তিক জ্ঞানের কারণে ইতিহাস, আরবান লেজেন্ড এবং আমেরিকান লোককাহিনি সম্পর্কে তাকে যেন এক জীবন্ত বিশ্বকোশ বলে মনে হয়। অন্যদিকে ডিন, তার পৌরুষপূর্ণ আচরণ ও সংগীতরুচির পাশাপাশি ক্লাসিক হরর সিনেমা সম্পর্কে জ্ঞানের জন্য পরিচিত। সে টিভি ও সিনেমার একনিষ্ঠ ভোক্তা, এবং গোপনে ডে-টাইম টিভি, রোমান্টিক চলচ্চিত্র (chick flicks) ও আবেগঘন সিনেমা দেখতে ভালোবাসে।
তবে সংগীত শুধু পটভূমির উপাদান হিসেবেই ব্যবহৃত হয় না; এটি গল্প বলার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশকের রক গানগুলো প্রায়ই এক ধরনের বর্ণনাকারীর মতো কাজ করে, দর্শকদের জানায় যে, এতক্ষণে কী ঘটেছে—যাকে সিরিজ়ে বলা হয় ‘the road so far’—এবং ভবিষ্যতে কী ঘটতে পারে, তার ইঙ্গিতও দেয়।
এইদিকটি সব চেয়ে ভালোভাবে ফুটে ওঠে Carry On Wayward Son গানটিতে, যা Kansas ব্যান্ডের গাওয়া এবং সিরিজ়টির প্রায় থিম সংগীতের মর্যাদা পেয়েছে।
Chorus:
Carry on my wayward son
There’ll be peace when you are done
Lay your weary head to rest
Don’t you cry no more
প্রথম সিজ়্নের ২১তম পর্বে প্রথম ব্যবহারের পর এই গানটি পরবর্তীকালে প্রায় প্রতিটি মৌসুমের শেষ পর্বে দুই ভাইয়ের যাত্রাপথের সংক্ষিপ্ত পুনরালোচনা (recap) হিসেবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে গল্পের কাঠামোকে এক দীর্ঘ যাত্রা হিসেবে তুলে ধরা হয়।
উইনচেস্টার ভাইরা সব সময় কাউকে বা কিছু একটা অনুসরণ করে—তাদের বাবা, কোনো রহস্যময় ঘটনা, বা কোনো অতিপ্রাকৃত প্রাণী। তারা নিজেদের জীবন, প্রিয়জন এবং শেষ পর্যন্ত সমগ্র পৃথিবীকে রক্ষার জন্য লড়াই করে, প্রলয় এড়ানোর চেষ্টা করে। তবে সমালোচক Stacey Abbott-এর মতে, সিরিজ়টি শুধু এই যাত্রাই দেখায় না। তাঁর মতে, “Supernatural is [also] part of a longer journey through the horror tradition, building upon what has come before.” (Abbott, 2011: xi). সিরিজ়টির নির্মাতারা ও চরিত্ররা প্রায়ই আগের জনপ্রিয় সিরিজ় ও চলচ্চিত্রের প্রভাব স্বীকার করেন—যেমন The X-Files, Buffy the Vampire Slayer, Angel, এবং ক্লাসিক চলচ্চিত্র The Exorcist, Poltergeist, Psycho, ও The Shining। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে—জনপ্রিয় সংস্কৃতি আসলে সঞ্চিত ও ধারাবাহিক। এটি নিজস্ব সীমার মধ্যে আবদ্ধ নয়; বরং বিভিন্ন সাংস্কৃতিক সৃষ্টি পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং একে অপরের উপর ভিত্তি করে বিকশিত হয়।
আত্মত্যাগ, নৈতিকতা এবং পারিবারিক বন্ধন
Supernatural-এর অন্যতম গুরুত্বপূর্ণ থিম হল পারিবারিক সম্পর্ক এবং আত্মত্যাগ। স্যাম ও ডিনের সম্পর্ক কেবল সহযাত্রীর সম্পর্ক নয়; বরং এটি গভীর আবেগিক বন্ধনের প্রতিফলন। তারা প্রায়ই একে অপরকে রক্ষা করার জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
এই আত্মত্যাগের মনোভাব সিরিজ়টির নৈতিক কাঠামোকে জটিল করে তোলে। অনেক সময় একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন এমন সিদ্ধান্ত নেয়, যা বৃহত্তর বিপদের কারণ হতে পারে। তবুও তারা বারবার প্রমাণ করে যে তাদের পারস্পরিক সম্পর্ক তাদের জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ শক্তি।
এই দৃষ্টিকোণ থেকে সিরিজ়টি পারিবারিক সম্পর্ককে এক ধরনের নৈতিক ভিত্তি হিসেবে উপস্থাপন করে, যা তাদের সমস্ত অভিযাত্রার কেন্দ্রবিন্দু।
অতিপ্রাকৃত সংঘর্ষের বিস্তার
সিরিজ়ের প্রথমদিকের পর্বগুলোতে স্যাম ও ডিন মূলত স্থানীয় ভূত বা দানবের রহস্য সমাধান করলেও পরবর্তী মৌসুমগুলোতে তাদের অভিযাত্রা অনেক বৃহৎ আকার ধারণ করে। ধীরে ধীরে তারা স্বর্গ ও নরকের শক্তির সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই পর্যায়ে তাদের সঙ্গে পরিচয় হয় দেবদূত Castiel-এর, যিনি অনেক সময় তাদের সহযোগী হিসেবে কাজ করেন। একই সঙ্গে তারা মুখোমুখি হয় শক্তিশালী অতিপ্রাকৃত সত্তার, যেমন Lucifer।
এই সংঘর্ষগুলো প্রায়ই মহাজাগতিক মাত্রা ধারণ করে, যেখানে পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন জড়িয়ে থাকে। ফলে স্যাম ও ডিনের অভিযাত্রা স্থানীয় রহস্য সমাধান থেকে ধীরে ধীরে বিশ্বব্যাপী সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়।
নৈতিক দ্বন্দ্ব ও মানবিক প্রশ্ন
সিরিজ়টি কেবল অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে যুদ্ধের গল্প নয়; এটি নৈতিক দ্বন্দ্বেরও গল্প। অনেক সময় দেখা যায় যে কোনো অতিপ্রাকৃত সত্তা সম্পূর্ণ দুষ্ট নয়, আবার কোনো মানুষও কখনও দানবের মতো আচরণ করতে পারে। এই ধরনের পরিস্থিতি স্যাম ও ডিনকে নৈতিকভাবে চিন্তা করতে বাধ্য করে।
এই নৈতিক দ্বন্দ্ব সিরিজ়টির বর্ণনাকে আরও গভীর করে তোলে এবং ‘ভালো’ ও ‘খারাপ’-এর সরল বিভাজনকে প্রশ্নবিদ্ধ করে। ফলে সিরিজ়টি দর্শকদের সামনে মানবিকতা, নৈতিকতা এবং দায়িত্ববোধের জটিল প্রশ্ন উত্থাপন করে।
শুধু তা-ই নয়, অলৌকিকতার পাশাপাশি এই সিরিজ়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান হল ‘রাস্তা’ এবং ‘গতিশীলতা’।
আমেরিকান সমষ্টিগত পরিচয় ও রোড ন্যারেটিভ
আমেরিকান রোড ন্যারেটিভের সাংস্কৃতিক তাৎপর্য যথাযথভাবে অনুধাবন করতে হলে প্রথমে সেই আমেরিকান সমষ্টিগত পরিচয় সম্পর্কে আলোচনা করা প্রয়োজন, যার প্রতিফলন এই ধরনের আখ্যানগুলিতে দেখা যায়। গতিশীলতা (mobility), আমেরিকান রাস্তা বা সড়ক সংস্কৃতি এবং এই উপাদানগুলো কীভাবে আমেরিকান ড্রিমের পৌরাণিক ধারণাকে প্রভাবিত করে—এই বিষয়গুলোর বিশ্লেষণের মাধ্যমে সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটকে অনুধাবনের করা যেতে পারে, যার ভেতরে আমেরিকান রোড ন্যারেটিভের উৎপত্তি ও বিকাশ ঘটেছে।
রোড ন্যারেটিভ নিয়ে অ্যাকাডেমিক আলোচনায় যে সাংস্কৃতিক উপাদানটি সব চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা হল গতিশীলতা। ব্রিগহ্যাম (২০১৫), লাডারম্যান (১৯৯৬) এবং প্রাইমো (১৯৯৬)-এর মতো গবেষকরা তাঁদের বিশ্লেষণে দেখিয়েছেন যে, রোড ন্যারেটিভের কেন্দ্রে গতিশীলতা একটি মৌলিক ধারণা হিসেবে কাজ করে। ফলে আমেরিকান জাতীয় পুরাণের মধ্যে গতিশীলতার স্থান এবং তার সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা এই আলোচনার একটি যৌক্তিক সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হতে পারে।
আমেরিকায় গতিশীলতা
গতিশীলতা দীর্ঘদিন ধরে আমেরিকান সংস্কৃতির একটি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিশ শতকে গতিশীলতার বিস্তার আমেরিকান জাতীয় পরিচয় এবং রোড ন্যারেটিভে তার উপস্থাপনাকে প্রভাবিত করেছে। রোড ন্যারেটিভের সঙ্গে গতিশীলতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ব্রিগহ্যামের মতে:
“Because of its ubiquity in American culture, we think we know how mobility is foundational to an understanding of American identity. It means freedom, rebellion or reinvention; there exists the promise of escape.” (Brigham, 2015:13)
এই বক্তব্য থেকে বোঝা যায় যে স্বাধীনতা ও বিদ্রোহ—এই দুটি ধারণা আমেরিকান পরিচয়ের গভীরে প্রোথিত, এবং এদের উৎসগত ভিত্তি নিহিত রয়েছে গতিশীলতার ধারণায়।
তবে আমেরিকান সংস্কৃতিতে গতিশীলতার অর্থ বহুমাত্রিক। ব্রিগহ্যাম মনে করেন, রোড ন্যারেটিভ বিশ্লেষণের ক্ষেত্রে গতিশীলতাকে কেন্দ্রীয় ধারণা হিসেবে বিবেচনা করা অপরিহার্য। Supernatural সিরিজ়ে স্বাধীনতা ও বিদ্রোহ এই গতিশীলতার ধারণার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থিত। বিশেষত সিরিজ়ের তৃতীয় থেকে পঞ্চম সিজ়্ন পর্যন্ত মূল কাহিনি আবর্তিত হয়েছে স্যাম এবং ডিনের সেই প্রচেষ্টাকে কেন্দ্র করে, যেখানে তারা আর্মাগেডন সংক্রান্ত একটি ভবিষ্যদ্বাণীকে প্রতিহত করার চেষ্টা করে। এই প্রচেষ্টায় তারা বিদ্রোহী দেবদূত কাস্টিয়েলের সঙ্গে জোট বাঁধে এবং নিজেদের ‘Team Free Will’ নামে অভিহিত করে।
“Team Free Will. One ex-blood junkie, one dropout with six Bucks to his name, and Mr. Comatose over there. Awesome.” (Dean Winchester, Supernatural #5.13)
স্বর্গ এবং নরকের শক্তির প্রবল চাপের মধ্যেও তারা মানবজাতির স্বাধীন ইচ্ছার পক্ষে অবস্থান নেয় এবং স্বর্গ ও নরকের মধ্যকার সম্ভাব্য ধ্বংসাত্মক যুদ্ধকে প্রতিরোধ করার চেষ্টা করে। এই প্রেক্ষাপটে সিরিজ়টি স্বাধীনতা এবং মানবিক স্বায়ত্তশাসনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে।
রোড ন্যারেটিভে ভ্রমণের দিক্নির্দেশও গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঐতিহ্যগতভাবে এই ভ্রমণ পশ্চিমমুখী হয়—যেমন জন স্টেইনবেকের The Grapes of Wrath-এ দেখা যায়—কারণ ক্যালিফোর্নিয়াকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধির প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে। তবে আধুনিক রোড ন্যারেটিভে কখনো-কখনো বিপরীত দিকেও যাত্রা দেখা যায়, যা ভিন্ন ধরনের সাংস্কৃতিক অর্থ বহন করতে পারে।
Supernatural সিরিজ়ে স্যামের বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু হয় ক্যালিফোর্নিয়ার পালো আল্টো থেকে, যা আংশিকভাবে রক্ষণশীল মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। বিশেষত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আমেরিকায় জাতীয় ঐক্যের লক্ষ্যে রক্ষণশীল মূল্যবোধের পুনরুত্থান লক্ষ করা যায়।
ঐতিহাসিকভাবে আমেরিকান সমাজে গতিশীলতার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। ইউরোপের তুলনায় আমেরিকা ছিল অপেক্ষাকৃত নতুন ও বিস্তৃত ভূখণ্ড, যেখানে পশ্চিমমুখী সম্প্রসারণের সম্ভাবনা ছিল অসীম। এই সম্প্রসারণবাদী মনোভাব ধীরে ধীরে আমেরিকান জাতীয় পরিচয়ের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্যে পরিণত হয়।

ফরাসি চিন্তাবিদ আলেক্সিস দে টোকভিলও তাঁর পর্যবেক্ষণে এই বিষয়টি উল্লেখ করেছিলেন। তাঁর মতে, আমেরিকানদের মধ্যে এক ধরনের অস্থির ও গতিশীল স্বভাব লক্ষ করা যায়, যা তাদের সামাজিক ও সাংস্কৃতিক আচরণকে প্রভাবিত করে। “a restless temper seems to me one of the distinctive traits of this people… the American has no time to tie himself to anything, he grows accustomed only to change, and ends by regarding it as the natural state of man.” (De Tocqueville quoted in Crunden 1990: 70)” এই ‘restlessness’ ডিন ও স্যামের চরিত্রে সর্বদাই লক্ষ করা যায়। এর একটি প্রধান কারণ হল—তারা ক্রমাগত তাদের মায়ের এবং স্যামের বান্ধবীর অলৌকিক হত্যাকারীকে খুঁজে বেড়ায়। একই সঙ্গে বাবার ডায়েরিতে পাওয়া কিছু সূত্রের ভিত্তিতে তারা তাদের বাবাকেও অনুসন্ধান করতে থাকে। কারণ তারা নিশ্চিত নয় যে, তাদের বাবা আদৌ জীবিত আছেন কি না।
আধুনিক গবেষক টিম ক্রেসওয়েলও উল্লেখ করেছেন যে, “Mobility as progress, as freedom, as opportunity, and as modernity sit side by side with mobility as shiftlessness, as deviance, and as resistance.” (2006: 1-2) ব্রিগহ্যামের মতে, রোড ন্যারেটিভে গতিশীলতার এই দ্বৈত প্রকৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ “[the] genre has primarily been read in terms of familiar binaries: home/away, conformity/ rebellion, confinement/liberation.” (2015: 17) এই সব ক-টি বৈশিষ্ট্যই উইনচেস্টার ভাইদের মধ্যে দেখা যায়।
ব্রিগহ্যামের মতে, আমেরিকায় গতিশীলতা (mobility) কেবল পালিয়ে যাওয়ার একটি উপায় নয়; বরং এটি সম্পৃক্ততা (engagement) এবং অন্তর্ভুক্তির (incorporation) একটি প্রক্রিয়া। রোড ন্যারেটিভে সীমান্ত অতিক্রম, ভ্রমণ, আত্ম-অনুসন্ধান এবং স্থানগত সংঘাতের মতো অস্থির অভিজ্ঞতার মাধ্যমে মানুষ সামাজিক ভিন্নতার মুখোমুখি হয় এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ততার পরবর্তী ধাপ হিসেবে গতিশীলতা ব্যক্তি ও স্থানকে একে অপরের সঙ্গে যুক্ত বা একীভূত করার প্রক্রিয়া হিসেবে কাজ করে, যাকে ব্রিগহ্যাম ‘incorporation’ বলেন। এর মাধ্যমে ব্যক্তি নিজের চেয়ে বৃহত্তর কোনো সত্তা—যেমন সমাজ, স্থান বা কোনো আদর্শগত অনুসন্ধান—এর সঙ্গে যুক্ত হয়।
একইভাবে, Supernatural টিভি সিরিজ়ে স্যাম এবং ডিনের অভিযাত্রাও প্রায়শই এমন কিছু লক্ষ্য দ্বারা পরিচালিত হয়, যা ব্যক্তিগত স্বার্থের বাইরে বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। শুরুতে তারা তাদের বাবাকে খুঁজে পাওয়া এবং পরিবারকে পুনরায় একত্রিত করার চেষ্টা করে—যা এক ধরনের অন্তর্ভুক্তির প্রক্রিয়া—এবং পরবর্তীতে তারা মানবজাতিকে মহাপ্রলয় (Apocalypse) থেকে রক্ষা করার মতো বৃহত্তর লক্ষ্যেও যুক্ত হয়।
সবশেষে বলা যায়, গতিশীলতা আমেরিকান পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাই রোড ন্যারেটিভ বিশ্লেষণের ক্ষেত্রেও গতিশীলতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রোড ন্যারেটিভে শারীরিক ও সামাজিক—উভয় ধরনের গতিশীলতাই সাধারণত সড়ক বা রাস্তাকে কেন্দ্র করে ঘটে।
রাস্তা
“From pioneer trails to the latest car commercial, the ‘open road’ has continually been perceived as a mythic space of possibility. In the vast United States, and in our vaster imaginations, the road offers new horizons to an individual liberated from the confines of home and society.” (Brigham, 2015: 12-13) রোড ন্যারেটিভে গাড়ি বা গতিশীলতার পাশাপাশি রাস্তার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গবেষক মনে করেন যে রাস্তা আমেরিকান পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, কারণ এটি স্বাধীনতার ধারণার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
Supernatural সিরিজ়েও রাস্তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ়ের বহু সংলাপ এবং ঘটনা ডিনের গাড়ি—বিখ্যাত Chevrolet Impala-কে কেন্দ্র করে ঘটে।
আমেরিকান সংস্কৃতিতে রাস্তার গুরুত্ব ঐতিহাসিকভাবে প্রোথিত। অগ্রদূতদের পথচলা থেকে শুরু করে বিংশ শতাব্দীতে গাড়ি ও চলচ্চিত্রের প্রযুক্তিগত বিকাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে রাস্তা নতুন নতুন অর্থ ধারণ করেছে। রোড ন্যারেটিভ প্রায়ই ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়মের সংঘাতকে তুলে ধরে এবং আমেরিকান পশ্চিমা পুরাণকে জাতীয় ভূদৃশ্যের সঙ্গে যুক্ত করে।
রাস্তা একদিকে বিচ্ছিন্নতার রোমান্টিক ধারণাকে উৎসাহিত করে, অন্যদিকে জাতীয় সংস্কৃতির অভিন্নতাকেও প্রশ্নবিদ্ধ করে। “Road Movies are too cool to address seriously socio-political issues. Instead, they express the fury and suffering at the extremities of civilized life, and give their restless protagonists the false hope of a one-way ticket to nowhere… …road 26 movies are cowled in lurking menace, spontaneous mayhem and dead-end fatalism, never more than few roadstops away from abject lawlessness and haphazard bloodletting… …road movies have always been songs of the doomed, warnings that once you enter the open hinterlands between cities, you’re on your own.” (Atkinson qtd Cohan & Hark 2001: 1) ফলে এটি এক ধরনের উন্মুক্ত সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে, যেখানে ভ্রমণকারীরা নিজেদের জীবন ও পরিচয় সম্পর্কে নতুন করে ভাবতে পারে।
এই বক্তব্যটি Supernatural সিরিজ়ের ভেতরে নিহিত সামাজিক-রাজনৈতিক মন্তব্যকে অত্যন্ত যথাযথভাবে তুলে ধরে। যদিও সিরিজ়টিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার উপস্থিতি দেখা যায়, তবু শেষ পর্যন্ত প্রধান চরিত্রদের অর্জিত বিজয়গুলো বেশির ভাগ ক্ষেত্রেই সাময়িক এবং এক ধরনের মিথ্যা আশার জন্ম দেয়—যেন সব কিছু শিগগিরই ভালো হয়ে যাবে। কিন্তু বাস্তবে তারা যতবারই কোনো দানবকে পরাজিত করুক-না কেন, পরবর্তী পর্বেই আরেকটি নতুন দানবের আবির্ভাব ঘটে। এর পাশাপাশি, প্রধান চরিত্রদের এমন অনেক মানুষের ভয়াবহ পরিণতিও মেনে নিতে হয়, যারা মৃত্যুর পর ভূতে পরিণত হয়েছে। Supernatural-এ মানুষের ভূতে পরিণত হওয়ার বহু ঘটনার সঙ্গে সামাজিক সমস্যাজনিত করুণ মৃত্যুর সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, পর্ব #1.3-এ স্যাম এবং ডিন একাধিক রহস্যময় ডুবে মৃত্যুর ঘটনা তদন্ত করতে যায়, যেগুলোকে আত্মহত্যা বলে ধরে নেওয়া হয়েছিল। পরে জানা যায় যে, এর পেছনে রয়েছে পিটার নামের এক স্থানীয় ছেলের ভূত। পঁয়ত্রিশ বছর আগে দুই সহপাঠীর নির্যাতনের (bullying) শিকার হয়ে সে দুর্ঘটনাবশত ডুবে মারা গিয়েছিল।
শেষ পর্যন্ত ভূতটিকে শান্তিতে বিদায় জানানো সম্ভব হলেও ঘটনাটিতে প্রকৃত অর্থে কারও মুক্তি বা পরিত্রাণ ঘটে না। কারণ, পিটার তার মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তিকে ডুবিয়ে হত্যা করতে সক্ষম হয় এবং তাদের সঙ্গে আরও দুজন মানুষও মারা যায়। ফলে ভূতটি আর নতুন করে কাউকে হত্যা করবে না ঠিকই, কিন্তু bullying বা নির্যাতনের সামাজিক সমস্যাটি অমীমাংসিতই থেকে যায়—যা অন্য কোথাও আবার পুনরায় ঘটার অপেক্ষায় থাকে।
Supernatural সিরিজ়ে রাস্তার ব্যাখ্যা তার ইতিবাচক অর্থবোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গাড়ির ভেতরে বসে পেছনে আমেরিকান রক সংগীত বাজতে-থাকা অবস্থাকে স্যাম এবং ডিনের কাছে সব চেয়ে আরামদায়ক ও পরিচিত স্থান হিসেবে মনে করা হয়। কিন্তু ইমপালার (Impala) ইঞ্জিন থেমে গেলেই সেই নিরাপত্তাবোধ ভেঙে যায়। উদাহরণস্বরূপ, পর্ব #2.21-এ স্যাম এবং ডিন একটি ক্লাসিক আমেরিকান রক গানের সুরে গাড়ি চালিয়ে একটি রাস্তার ধারের ডাইনারের সামনে এসে গাড়ি পার্ক করে। স্যাম গাড়ি থেকে নেমে খাবার অর্ডার করতে ডাইনারে যায়। কিছুক্ষণ পর গানের মধ্যে হঠাৎ তড়িৎ চৌম্বকীয় বিঘ্ন (electromagnetic interference) দেখা দেয় এবং ডিন পরিস্থিতি নিয়ে সন্দিহান হয়ে ওঠে। সে স্যামকে খুঁজতে ডাইনারে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে দেখে ডাইনারের কর্মচারীদের গলা কেটে দানবরা হত্যা করেছে।
গাড়ির ভেতরের এই নিরাপত্তাবোধ প্রথম সিজ়্নের শেষ পর্ব (#1.21)-তেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সেখানে স্যাম, ডিন এবং জন ইমপালার ভেতরে বসে আজাজেলের (Azazel) সঙ্গে তাদের সাম্প্রতিক লড়াই নিয়ে আলোচনা করছিল। এই সময় পর্যন্ত দর্শকরা গাড়িটিকে একটি নিরাপদ স্থান হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছে, আর পেছনে ধীরগতির একটি কান্ট্রি গান সেই নিরাপত্তাবোধকে আরও জোরদার করে। কিন্তু তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ একটি দানব একটি ট্রাক নিয়ে ইমপালাকে সজোরে ধাক্কা দেয়। উত্তেজনা ও রহস্যে ভরা এই সিরিজ়ে এটি সম্ভবত প্রথম মৌসুমের সব চেয়ে চমকপ্রদ মুহূর্তগুলোর একটি।
আমেরিকান ড্রিম
রোড ন্যারেটিভে আমেরিকান ড্রিম প্রায়ই একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থিত থাকে। অনেক ক্ষেত্রে এই আখ্যানগুলোর নায়করা ভ্রমণের মাধ্যমে সেই স্বপ্নের সন্ধান করে।
লরেন্স আর স্যামুয়েল তাঁর The American Dream: A Cultural History (2012) গ্রন্থে বলেছেন, আমেরিকান ড্রিম মূলত একটি সাংস্কৃতিক পুরাণ। নিজের সহনাগরিক আমেরিকানদের মধ্যে সমীক্ষা চালানোর পর তিনি লক্ষ করেন যে ‘আমেরিকান ড্রিম’ সাধারণত অর্থনৈতিক সাফল্য, সুখী জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার ধারণার সঙ্গে যুক্ত। যদিও এই স্বপ্ন বাস্তবে সম্পূর্ণভাবে অর্জনযোগ্য নয়, “the fact that many of us have assumed it to be entirely real makes the story even more compelling.” (Samuel 2012: 1) তবুও এটি আমেরিকান সমাজে একটি শক্তিশালী সাংস্কৃতিক আদর্শ হিসেবে কাজ করে।
এই ধারণাটি আমেরিকান সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে—যেমন অর্থনীতি, রাজনীতি, শিক্ষা এবং সামাজিক আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে। এমনকি নারীবাদ বা নাগরিক অধিকার আন্দোলনের মতো আন্দোলনও এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়েছে, কারণ এর মধ্যে সমান সুযোগের আদর্শ নিহিত রয়েছে।
ঐতিহাসিকভাবে ‘American Dream’ শব্দটি প্রথম ব্যবহার করেন জেম্স ট্রাসলো অ্যাডাম্স, ১৯৩১ সালে Great Depression-এর সময় (Samuel 2012: 13)। তাঁর মতে, এই স্বপ্ন এমন এক সমাজের কল্পনা, যেখানে প্রত্যেক মানুষ জন্মগত অবস্থাননির্বিশেষে নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে বিকশিত করতে পারে।
রোড ও আমেরিকান ড্রিমের সম্পর্ক এখানে স্পষ্ট। গাড়িতে ভ্রমণ ধীরে ধীরে আমেরিকান নাগরিকত্বের এক ধরনের প্রতীকী রীতিতে পরিণত হয় এবং রাস্তা জাতীয় পরিচয় ও ভূখণ্ডের সঙ্গে মানুষের সম্পর্ককে দৃঢ় করে।
Supernatural সিরিজ়ে স্যাম ও ডিনকে এই আমেরিকান ড্রিমের প্রতীকী রক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মানবজাতির স্বাধীন ইচ্ছাকে রক্ষা করার জন্য তারা স্বর্গ ও নরকের শক্তির বিরুদ্ধে লড়াই করে। তাদের সংগ্রাম মূলত মানবস্বাধীনতা, জাতীয় মূল্যবোধ এবং আমেরিকান পরিচয়ের সংরক্ষণকে কেন্দ্র করে আবর্তিত।
সব মিলিয়ে বলা যায়, Supernatural কেবল একটি অতিপ্রাকৃত ভৌতিক সিরিজ় নয়; এটি মূলত দুই ভাই—Sam Winchester এবং Dean Winchester-এর দীর্ঘ, জটিল এবং আবেগপূর্ণ অ্যাডভেঞ্চারের কাহিনি। তাদের পারিবারিক ট্র্যাজেডি থেকে শুরু হওয়া অনুসন্ধান ধীরে ধীরে একটি বৃহত্তর নৈতিক দায়িত্বে পরিণত হয়, যেখানে তারা শুধু ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয়, বরং মানবজাতিকে রক্ষা করার জন্যও সংগ্রাম করে। এই অ্যাডভেঞ্চার একদিকে অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়াই, অন্যদিকে মানবিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের গভীর অনুসন্ধান। সিরিজ়টির রোড-অ্যাডভেঞ্চার কাঠামো এই অভিযাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে করতে স্যাম ও ডিন একের পর এক রহস্য উন্মোচন করে এবং বিভিন্ন অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হয়।
একই সঙ্গে সিরিজ়টি আমেরিকান রোড ন্যারেটিভের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। গতিশীলতা, রাস্তা এবং স্বাধীনতার ধারণা এখানে কেবল ভ্রমণের উপাদান নয়; এগুলো আমেরিকান পরিচয় এবং সাংস্কৃতিক কল্পনার অংশ। এই দৃষ্টিকোণ থেকে স্যাম ও ডিনের যাত্রা এক ধরনের প্রতীকী অনুসন্ধান—যেখানে ব্যক্তিগত ক্ষতি, সামাজিক দ্বন্দ্ব এবং মানবিক আদর্শ একত্রিত হয়।
এই অ্যাডভেঞ্চার কেবল দানব শিকারের গল্প নয়; বরং এটি ভ্রাতৃত্ব, আত্মত্যাগ, নৈতিক সংকট এবং মানবিক সম্পর্কের শক্তির এক গভীর প্রতিফলন। স্যাম ও ডিনের যৌথ যাত্রা দেখায় যে, অন্ধকার ও বিপদের মধ্যেও পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং দায়িত্ববোধ মানুষের সব চেয়ে বড়ো শক্তি হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র:
Abbott, S. (2011). Introduction. Then: The Road So Far. In: Abbott S and Lavery D (eds) TV Goes to Hell: An Unofficial Road Map of Supernatural. Toronto: ECW Press, ix xvii.
Brigham, Ann (2015). American Road Narratives, Reimagining Mobility in Literature and Film. University of Virginia Press.
Cohan, Steven & Hark, Ina Rae (2001) The Road Movie Book. Routledge, London & New York.
Creswell, Tim (2006). On the Move: Mobility in the Modern Western World. Routledge, New York [Online] Available at: https://edisciplinas.usp.br/pluginfile.php/122110/mod_resource/content/1/Tim %20Cresswell%20On%20the%20Move%20Mobility%20in%20the%20Moder n%20Western%20World%20%202006.pdf
Crunden, Robert M. (1990). A Brief History of American Culture. Suomen Historiallinen Seura, Helsinki.
Samuel, Lawrence R. (2012). The American Dream: A Cultural History. Syracuse University Press.
Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, প্রিয়াংকা মিত্র
